“আমাকে পাওয়ার জন্য ও তুকতাক করেছিল”, শমীক গ্রেফতার হতেই বিস্ফোরক স্যান্ডি সাহা!

‘ননসেন’ খ্যাত শমীক অধিকারী এখন পুলিশের জালে। এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। সম্প্রতি তাঁর তৈরি ‘বাটন’ কন্টেন্টটি শাসক দলের পরোক্ষ সমালোচনার কারণে ভাইরাল হয়েছিল। কিন্তু যে কন্টেন্টে নারী নির্যাতনের বিরুদ্ধে সুর চড়ানো হয়েছিল, সেই স্রষ্টাই যখন নারী নির্যাতনের অভিযোগে শ্রীঘরে, তখন বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। এরই মধ্যে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহার এক বিস্ফোরক দাবি এই আগুনেই যেন ঘি ঢেলে দিয়েছে।
স্যান্ডি সাহার অভিযোগ কেবল অশালীন আচরণের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পৌঁছে গিয়েছে ‘কালো জাদু’ বা তুকতাকের পর্যায়ে। এক সাক্ষাৎকারে স্যান্ডি দাবি করেছেন যে, শমীক তাঁর প্রতি মারাত্মকভাবে ‘অবসেসড’ ছিলেন। স্যান্ডির কথায়, “আমি শমীককে অনেক আগে থেকেই চিনি। ২০২২ সালে আমার জন্মদিনে সল্টলেকের একটি রেস্তোরাঁয় ও আমাকে সবার সামনে সজোরে চুম্বন করেছিল। শুধু তাই নয়, ও মাঝেমধ্যেই ফোনে আমাকে ভালোবাসার কথা বলত। যদিও আমার দিক থেকে তেমন কোনো সম্পর্ক ছিল না।”
তবে সবথেকে চাঞ্চল্যকর অভিযোগটি হলো কালো জাদু নিয়ে। স্যান্ডি জানান, একবার বিরিয়ানি খেতে গিয়ে শমীক তাঁকে একটি মিষ্টি খেতে দেন। প্রসাদ ভেবে সেই মিষ্টি খাওয়ার পরেই স্যান্ডি শমীকের ব্যাগে একটি ভুডু ডল (Voodoo Doll) দেখতে পান, যাতে অনেকগুলো ছুঁচ ফোটানো ছিল। স্যান্ডির দাবি, তাঁকে নিজের বশ করার জন্যই শমীক এই তুকতাক করেছিলেন। এর পরেই স্যান্ডি রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত (Paralysis) হয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
কয়েকদিন আগেই ‘অলি পাব’ কাণ্ডে সায়কের বিরুদ্ধে মুখ খুলেছিলেন স্যান্ডি। এবার শমীকের গ্রেফতারির পর তাঁর এই হাড়হিম করা অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। শমীকের রাজনৈতিক কন্টেন্ট নাকি তাঁর ব্যক্তিগত লালসা— কোনটি তাঁকে বিপদে ফেলল, তা নিয়ে এখন চলছে কাটাছেঁড়া।