চিকিৎসা পরিষেবায় এবার বড় বদল! ল্যাবরেটরি রিপোর্ট সরাসরি চিকিৎসকের ফোনে, প্রযুক্তিতেই সুরক্ষিত হবে জীবন

সময়ের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানে যেমন নতুন চ্যালেঞ্জ আসছে, তেমনই প্রযুক্তির মেলবন্ধনে উন্নত হচ্ছে পরিষেবা। সম্প্রতি নিউজ ৯ এবং অ্যাপোলো হসপিটালসের উদ্যোগে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হেলথ ডায়ালগ ২০২৬’-এর ১৩তম সংস্করণে বিশেষ আলোকপাত করা হলো রোগী সুরক্ষার ওপর। অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ডঃ সঙ্গীতা রেড্ডি তুলে ধরলেন ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় সাফল্যের কথা।

সরাসরি চিকিৎসকের ফোনে ল্যাব রিপোর্ট: ডঃ রেড্ডি জানান, ডিজিটাল হেলথ এখন ল্যাবরেটরি অ্যানালিটিক্সকে সরাসরি চিকিৎসকদের ফোনের সাথে যুক্ত করেছে। এর ফলে ল্যাব থেকে রিপোর্ট আসার অপেক্ষা না করেই চিকিৎসক মুহূর্তের মধ্যে জানতে পারছেন রোগীর শারীরিক অবস্থা। এটি বিশেষ করে জরুরি বিভাগের রোগীদের দ্রুত চিকিৎসা শুরু করতে সাহায্য করছে। এছাড়া টেলিমেডিসিন এবং দৈনিক রাউন্ডের মাধ্যমে প্রতিটি স্তরে নজরদারি চালানো হচ্ছে।

এআই (AI)-র ম্যাজিক: চিকিৎসার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-র গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, একটি সিটি স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করতে চিকিৎসকদের যে সময় লাগে, এআই তার চেয়ে অনেক দ্রুত নিখুঁত অ্যানালাইসিস করে পরামর্শ দিতে সক্ষম। এতে সময় যেমন সাশ্রয় হচ্ছে, তেমনই চিকিৎসার মানও উন্নত হচ্ছে। সরকার থেকে হাসপাতালের কর্মী—সকলের সম্মিলিত প্রচেষ্টায় এক নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।