মমতার কি অধিকার আছে কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার? সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের!

নির্বাচন কমিশনের সাংবিধানিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে এবার আইনি জটিলতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও তিনি কেন ব্যক্তিগত স্তরে নির্বাচন কমিশনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন, তা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হলো অন্তর্বর্তীকালীন আবেদন। অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি সতীশ কুমার আগারওয়াল এই চাঞ্চল্যকর আবেদনটি করেছেন।
সতীশ কুমারের আবেদনে মূল প্রশ্ন তোলা হয়েছে—ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আদৌ অধিকার আছে জাতীয় নির্বাচন কমিশনের সাংবিধানিক সীমানা নিয়ে প্রশ্ন তোলার? আবেদনে বলা হয়েছে, যখন রাজ্য সরকার ইতিমধ্য়েই এই বিষয়ে মামলা করেছে এবং নামী আইনজীবীরা সওয়াল করছেন, তখন মুখ্যমন্ত্রী ব্যক্তিগত ভাবে কেন মামলা করছেন? তাঁর এই ব্যক্তিগত উপস্থিতি এবং সওয়াল সাংবিধানিক কাঠামোর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী নিজে ভার্চুয়ালি উপস্থিত থেকে সওয়াল করেছিলেন। ভোটার তালিকায় নামের বানান বা পদবীর ভুলের কারণে মানুষকে শুনানিতে ডেকে কেন হেনস্থা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সতীশ কুমারের দাবি, এটি কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং প্রশাসনিক ইস্যু। তাই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজে মামলা লড়তে পারেন কি না, তার আইনি বৈধতা আজ প্রধান বিচারপতির এজলাসে খতিয়ে দেখা হবে। এসআইআর (SIR) মামলার সঙ্গেই আজ এই বিতর্কিত আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।