বিদায়বেলায় শীতের ‘কামড়’! কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রিতে, কবে থেকে বাড়বে গরম?

ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও এখনই পিছু ছাড়ছে না শীত। মাঘের শেষেও উত্তর থেকে দক্ষিণ—গোটা রাজ্যজুড়ে ভোরের দিকে এবং রাতে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের শিরশিরানি বজায় থাকছে।
শীতের দাপট উত্তর ও দক্ষিণবঙ্গে: শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। বিশেষ করে নদীয়ার কল্যাণীতে পারদ ১০ ডিগ্রির ঘরে নেমেছে। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটাও একই রকম। শনিবার উত্তরবঙ্গের পুন্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ের রানি দার্জিলিং-এ তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ৪.২ ডিগ্রিতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে (দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
কবে বাড়বে তাপমাত্রা? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে ২ ডিগ্রি করে পারদ চড়তে পারে। সপ্তাহের শেষের দিকে শীতের প্রকোপ কমবে এবং গরমের আমেজ শুরু হবে। দক্ষিণবঙ্গে আপাতত কুয়াশার কোনো বিশেষ পূর্বাভাস নেই, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে।