ভারত-পাক মহারণ কি হবে? বয়কটের হুমকি উড়িয়ে আইসিসি-র কাছে ৩ শর্ত রাখল পাকিস্তান!

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির বরফ গলতে শুরু করেছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে কি না, তা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটাতে আসরে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। রবিবারই আইসিসি-র দুই সদস্যের এক প্রতিনিধিদল পাকিস্তানে গিয়ে পিসিবি (PCB) প্রধান মহসিন নকভির সঙ্গে জরুরি বৈঠক করেন।
টেলিকম এশিয়া স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সরকার বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের যে ডাক দিয়েছিল, সেই অবস্থান থেকে তারা সরে আসতে রাজি। তবে আইসিসি-র সামনে তিনটি কঠিন শর্ত রেখেছেন মহসিন নকভি। শর্তগুলি হলো— প্রথমত, আইসিসি-র রাজস্ব বণ্টনে পাকিস্তানের ভাগ বৃদ্ধি করা। দ্বিতীয়ত, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপনে আইসিসি-কে মধ্যস্থতা করতে হবে। এবং তৃতীয়ত, এশিয়া কাপের তিক্ততা ভুলে খেলোয়াড়দের মধ্যে ঐতিহ্যবাহী করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
মজার বিষয় হলো, এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) প্রেসিডেন্ট আমিনুল ইসলামও। তিনিও আইসিসি-র কাছে একটি বড় টুর্নামেন্ট আয়োজনের অধিকার দাবি করেছেন। আইসিসি প্রতিনিধিদল এই দাবিগুলো বোর্ডের কাছে পেশ করার আশ্বাস দিলেও, চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্ভর করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ওপর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নকভি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তখনই স্পষ্ট হবে, ১৫ ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্ব ভারত-পাক দ্বৈরথের সাক্ষী থাকবে কি না।