ট্রাম্প-মোদি ম্যাজিক! ১৮% শুল্কে সায় আমেরিকার, ভারতীয় পণ্যের জন্য খুলল ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার

ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। শনিবার দুই দেশ একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণা করেছে, যাকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির ফলে বিশ্ববাজারে ভারতীয় পণ্যের রফতানি এক ধাক্কায় অনেকটা বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টেলিফোনিক আলোচনার পরই এই সমঝোতার পথ প্রশস্ত হয়েছে।

চুক্তির অন্যতম বড় প্রাপ্তি হলো, ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল জানিয়েছেন, এর ফলে ভারতের রফতানিকারকদের সামনে ৩০ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজার খুলে যাচ্ছে। এর সরাসরি সুফল পাবেন ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), কৃষক ও মৎস্যজীবীরা। বিশেষ করে টেক্সটাইল, পোশাক, চামড়া, জুতো, প্লাস্টিক এবং হস্তশিল্পের মতো ক্ষেত্রগুলিতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বদলে ভারতও মার্কিন কৃষিপণ্য ও শিল্পপণ্যের ওপর শুল্ক হ্রাস করবে। আগামী ৫ বছরে আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি, বিমান ও প্রযুক্তি পণ্য কেনার পরিকল্পনাও জানিয়েছে ভারত।