আজই সাবধান! দেশজুড়ে ওলা-উবার ধর্মঘট, চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা

শনিবার ৭ ফেব্রুয়ারি ভারতজুড়ে এক বিশাল ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি এবং অটো চালকরা। ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’ নামক এই কর্মসূচির কারণে ওলা, উবার এবং র্যাপিডো পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাড়ায় স্বচ্ছতা, প্যানিক বোতামের খরচ এবং বাইক ট্যাক্সির দৌরাত্ম্যের প্রতিবাদে চালকরা টানা ৬ ঘণ্টা অ্যাপ থেকে অফলাইনে থাকবেন।
মহারাষ্ট্র কামগার সভা এবং তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের মতো শক্তিশালী সংগঠনগুলি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। চালকদের প্রধান দাবি হলো, সরকার নির্ধারিত ন্যূনতম বেস ফেয়ার বা মূল ভাড়া চালু করা। তাঁদের অভিযোগ, মোদী সরকারের ২০১৫-এর নির্দেশিকা থাকা সত্ত্বেও কোম্পানিগুলো নিজেদের ইচ্ছেমতো ভাড়া ঠিক করছে, যার ফলে চালকদের আয় তলানিতে গিয়ে ঠেকেছে।
পাশাপাশি, মহারাষ্ট্রে প্যানিক বোতাম বসানো নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। চালকদের দাবি, একবার টাকা খরচ করে বোতাম বসানোর পর রাজ্য সরকার অনেক সংস্থাকে ‘অবৈধ’ ঘোষণা করছে, ফলে নতুন করে ১২,০০০ টাকা খরচ করে আবার বোতাম বসাতে হচ্ছে। এছাড়াও, অবৈধ বাইক ট্যাক্সি এবং ব্যক্তিগত গাড়ির বাণিজ্যিক ব্যবহারের ফলে লাইসেন্সপ্রাপ্ত চালকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের ৪ শতাংশ গিগ শ্রমিকের মাসিক আয় ১৫,০০০ টাকারও কম। এই চরম আর্থিক অনটন ও অনিশ্চয়তা থেকেই দেশজুড়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।