আমেরিকার ৩০ ট্রিলিয়ন ডলারের বাজারে ভারতের কব্জা! মোদী ম্যাজিকে কপাল খুলল বাংলার চাষি ও ছোট ব্যবসায়ীদের

ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হলো। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন যে, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের এক বিশাল বৈশ্বিক বাজারের দরজা খুলে দেবে। এই চুক্তির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME), কৃষক এবং মৎস্যজীবীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত ও আমেরিকা একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামোয় পৌঁছেছে। পীযূষ গোয়েল জানিয়েছেন, এই চুক্তির আওতায় আমেরিকা ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে পারস্পরিক শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নিয়ে আসবে। এর ফলে বস্ত্র ও পোশাক, চামড়া ও পাদুকা, প্লাস্টিক ও রবার পণ্য, জৈব রাসায়নিক, ঘর সাজানোর সরঞ্জাম এবং হস্তশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলি আমেরিকার বাজারে বিশাল সুযোগ পাবে।

শুধু তাই নয়, জেনেরিক ওষুধ, রত্ন ও হীরা এবং বিমানের যন্ত্রাংশের মতো পণ্যের ওপর আমদানি শুল্ক কমিয়ে শূন্য করা হবে। এর ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযান আরও শক্তিশালী হবে এবং ভারতীয় পণ্য বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। মন্ত্রী আরও জানান, অটো পার্টস এবং বিমানের যন্ত্রাংশের ওপর বিশেষ ছাড় পাওয়ায় রপ্তানি আয় বহুগুণ বৃদ্ধি পাবে।

সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, এই রপ্তানি বৃদ্ধির ফলে দেশের নারী ও যুব সমাজের জন্য লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে বিদেশের বাজার দখল করলেও ভারতীয় কৃষকদের স্বার্থে কোনো আপস করা হয়নি। ভুট্টা, গম, চাল, সোয়াবিন, পোল্ট্রি, দুধ, পনির এবং তামাকের মতো সংবেদনশীল কৃষি ও দুগ্ধজাত পণ্যগুলোকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে, যাতে গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।