অপরিবর্তিত রেপো রেট! বাজেটের পর মধ্যবিত্তের EMI-এর দুশ্চিন্তা দূর করল রিজার্ভ ব্যাঙ্ক

কেন্দ্রীয় বাজেট পেশের পর দেশজুড়ে সাধারণ মানুষের নজর ছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI) সিদ্ধান্তের দিকে। প্রশ্ন ছিল একটাই— ঋণের ইএমআই (EMI) কি এবার আরও বাড়বে? সেই জল্পনার অবসান ঘটিয়ে স্বস্তির খবর শোনাল দেশের শীর্ষ ব্যাঙ্ক। চলতি মাসের মনিটারি পলিসি কমিটির (MPC) বৈঠকে রেপো রেট (Repo Rate) ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, হোম লোন বা কার লোনের কিস্তিতে আপাতত কোনও বাড়তি বোঝা চাপছে না।

গভর্নরের ঘোষণা ও বর্তমান হার: গত ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি টানা তিনদিন বৈঠকের পর বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মাক্রো-ইকোনমিক ফ্যাক্টরগুলো গভীর পর্যালোচনার পর কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট ৫.২৫ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে।” শুধু রেপো রেটই নয়, এসডিএফ (SDF) রেট ৫ শতাংশ এবং ব্যাঙ্ক রেটও ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

কেন এই স্বস্তি? রেপো রেট হলো সেই হার, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়। এই হার বাড়লে ব্যাঙ্কগুলো সাধারণ মানুষের জন্য ঋণের সুদের হার বাড়িয়ে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে মাসিক কিস্তি বা ইএমআই-এর ওপর। বাজেট পরবর্তী এই প্রথম বৈঠকে আরবিআই রেপো রেট না বাড়ানোয় সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীরা আশার আলো দেখছেন। বিশেষজ্ঞ মহলের মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক বৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই শীর্ষ ব্যাঙ্ক এই মধ্যপন্থা অবলম্বন করেছে।