গ্যাম্বলিং নয়, গেমিং হোক স্কিল! ‘পরীক্ষা পে চর্চা’য় পড়ুয়াদের বড় টিপস নমোর

আজ নয়াদিল্লিতে ৯তম ‘পরীক্ষা পে চর্চা’ (PPC 2026) অনুষ্ঠানে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোর্ড পরীক্ষার আগে পড়ুয়াদের মনের ভয় দূর করতে এই বছরের আয়োজন ছিল অভূতপূর্ব। প্রায় ৪.৫ কোটি পড়ুয়া এবারের অধিবেশনে নাম নথিভুক্ত করেছিল, যা সর্বকালীন রেকর্ড।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পড়ুয়াদের ‘এক্সাম ওয়ারিয়র’ হওয়ার আহ্বান জানান। তিনি পাঁচটি মূল মন্ত্র দিয়েছেন: পরীক্ষাকে উৎসব হিসেবে পালন করা, অন্যের বদলে নিজের সঙ্গে প্রতিযোগিতা করা, প্রযুক্তির সঠিক ব্যবহার, কঠিন প্রশ্ন আগে সমাধান করা এবং তোতাপাখি না হয়ে প্রকৃত যোদ্ধা হয়ে ওঠা। মোদী বলেন, “বড় স্বপ্ন দেখা জরুরি, কিন্তু শুধু স্বপ্নে কাজ হবে না, অগ্রাধিকার দিতে হবে অ্যাকশন বা কর্মতৎপরতাকে।”
এক পড়ুয়ার প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী গেমিং নিয়ে এক নতুন দিক তুলে ধরেন। তিনি বলেন, “গেমিং একটি দক্ষতা (Skill), কিন্তু এতে জুয়া বা গ্যাম্বলিং এড়িয়ে চলা উচিত।” তিনি ভারতীয় চরিত্র ও গল্প (যেমন হনুমান বা অভিমন্যু) নিয়ে গেম তৈরির পরামর্শ দেন। সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, সারাদিনের ব্যস্ততার মাঝেও তিনি প্যানিক করেন না কারণ তাঁর পুরো দিন আগে থেকেই ডায়েরিতে পরিকল্পিত থাকে। মুখস্থ বিদ্যার বদলে ধারণার ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, গত ১০ বছরের পুরনো প্যাটার্ন অন্ধভাবে অনুসরণ করার কারণেই অনেক সময় পরীক্ষা কঠিন মনে হয়। যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তাঁরা এখন ‘MyGov’ পোর্টাল থেকে নিজেদের শংসাপত্র ডাউনলোড করতে পারবেন।