মধ্যবিত্তের EMI-তে স্বস্তি না কি অস্বস্তি? রেপো রেট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক!

দেশের সাধারণ মানুষ ও ঋণগ্রহীতাদের জন্য বড় খবর। রেপো রেট (Repo Rate) ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এর সরাসরি অর্থ হলো, আপনার গৃহঋণ বা গাড়ি ঋণের ইএমআই (EMI) আপাতত কমছে না, তবে বাড়ছেও না। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই এই পদক্ষেপ।

স্থিতিশীল অর্থনীতি ও বৃদ্ধির পূর্বাভাস: গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ভারতে মুদ্রাস্ফীতি বর্তমানে ৪ শতাংশের কাছাকাছি রয়েছে, যা দেশের শিল্পের জন্য ইতিবাচক। কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য জিডিপি (GDP) বৃদ্ধির পূর্বাভাস ৭.৩% থেকে বাড়িয়ে ৭.৪% করেছে। ২০২৬ সালের বাজেটে ঘোষিত বিভিন্ন পদক্ষেপ এবং পরিষেবা ও রফতানি ক্ষেত্রের শক্তি দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ভারত-ইইউ এবং ভারত-মার্কিন সম্ভাব্য বাণিজ্য চুক্তি রফতানি বৃদ্ধিতে সহায়ক হবে।

শেয়ার বাজারে রক্তক্ষরণ: আরবিআই-এর এই ঘোষণার পরই শেয়ার বাজারে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। সুদের হার না কমায় বিনিয়োগকারীদের মধ্যে নিরাশা তৈরি হয়। সেনসেক্স ৩৪০ পয়েন্ট কমে ৮৩,০০০-এর নিচে নেমে আসে এবং নিফটি ১৫০ পয়েন্ট পড়ে গিয়ে ২৫,৫০০-এর নিচে চলে যায়। বিশেষ করে অটোমোবাইল, ব্যাঙ্কিং এবং রিয়েল এস্টেট খাতের শেয়ারগুলিতে ব্যাপক দরপতন দেখা দিয়েছে। বিএসই অটো সূচক ও ব্যাঙ্কএক্স সূচকও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রেপো রেট না কমায় আপাতত সস্তায় ঋণ পাওয়ার আশা নেই সাধারণ মানুষের।