উলটপুরাণ! এবার রোবট দেবে চাকরি, AI-এর অধীনে কাজ করে টাকা কামাবে মানুষ

এতদিন লোকে ভয় পাচ্ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মানুষের চাকরি কেড়ে নেবে। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো এক জগত তৈরি করে দেখালেন এক বিটকয়েন সফটওয়্যার ডেভেলপার। তৈরি হয়েছে এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো মানুষ নয়, বরং AI এজেন্টরাই লোক নিয়োগ করবে! প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে rentahuman.ai। এখানে মানুষ নিজেদের কাজের তালিকা বা প্রোফাইল নথিভুক্ত করবে এবং নির্দিষ্ট কাজের জন্য AI তাদের বুকিং দেবে ও পারিশ্রমিক মেটাবে।

কেন মানুষের প্রয়োজন AI-এর? প্ল্যাটফর্মটির স্লোগান বেশ মজার— “রোবটদের আপনার শরীরের প্রয়োজন, কারণ তারা ঘাস স্পর্শ করতে পারে না।” সহজ কথায়, যে কাজগুলো ডিজিটাল জগত বা ইন্টারনেটের বাইরে অর্থাৎ বাস্তব পৃথিবীতে করতে হয়, সেখানেই মানুষের সাহায্য নেবে AI। পণ্য সরবরাহ করা (Delivery), বাজার করা, কোনো নির্দিষ্ট জায়গার ছবি তোলা, কোনো মিটিংয়ে সশরীরে উপস্থিত থাকা কিংবা মুদিখানার জিনিসপত্র তুলে আনা—এমন সব কাজের জন্য মানুষ এই সাইটে নিজেদের ঘণ্টার হারে (Hourly Rate) তালিকাভুক্ত করতে পারেন। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ২৬,০০০ মানুষ এই পোর্টালে নাম লিখিয়েছেন।

কিভাবে কাজ করে এই প্রযুক্তি? অ্যালেক্স ভাইব নামে এক বিটকয়েন ডেভেলপার এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি কেবল নির্দেশ দিয়েছেন আর AI নিজে থেকেই ‘রাল্ফ লুপ’ প্রযুক্তি ব্যবহার করে পুরো ওয়েবসাইটটি কোড করেছে। এই প্ল্যাটফর্মটি মূলত ‘মডেল কনটেক্সট প্রোটোকল’ ব্যবহার করে কাজ করে। লেনদেনের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এখানে কোনো প্রচলিত মুদ্রা নয়, বরং ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করা হবে। কর্মসংস্থানের এই নতুন মডেলটি আধুনিক বিশ্বে শ্রম ও প্রযুক্তির সম্পর্কের সংজ্ঞা বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।