বিহার নির্বাচনে সরাসরি টাকা বিলি! প্রশান্ত কিশোরের অভিযোগে সুপ্রিম কোর্টে বড় মামলা

বিহারের রাজনীতিতে এবার বড়সড় আইনি সংঘাত শুরু হলো। নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিক বনে যাওয়া প্রশান্ত কিশোরের দল ‘জন সুরজ পার্টি’ বিহার বিধানসভা নির্বাচনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে। নির্বাচনের আগে এবং আদর্শ আচরণবিধি বলবৎ থাকাকালীন বিহারের লক্ষ লক্ষ মহিলা ভোটারের অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা হস্তান্তরের বিষয়টিকে ‘অবৈধ’ দাবি করে দলটি বিহারে নতুন করে নির্বাচনের আবেদন জানিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত মামলাটি শুনতে সম্মত হয়েছে।

অভিযোগের কেন্দ্রবিন্দু: জন সুরজ পার্টির অভিযোগ, মুখ্যমন্ত্রীর মহিলা কর্মসংস্থান প্রকল্পের অধীনে নির্বাচনের আগে রাতারাতি নতুন সুবিধাভোগী যুক্ত করা হয়েছে। প্রায় ২৫ থেকে ৩৫ লক্ষ মহিলা ভোটারের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। পিকে-র দলের দাবি, এই পদক্ষেপ সংবিধানের ১৪, ২১, ১১২, ২০২ এবং ৩২৪ অনুচ্ছেদের গুরুতর লঙ্ঘন। আবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ ধারা অনুযায়ী এটি একটি ‘দুর্নীতিমূলক কাজ’।

আদালতের শুনানির অপেক্ষায় বিহার: প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর একটি বেঞ্চ আগামীকাল, শুক্রবার এই মামলার শুনানি করবেন। আবেদনে আরও বলা হয়েছে যে, ভোটের সময় ১.৮ লক্ষ ‘জীবিকা’ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছিল, যা নিয়মবহির্ভূত। জন সুরজ পার্টি সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত ৬ মাস আগে থেকে যেন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সরাসরি টাকা হস্তান্তর বন্ধ রাখা হয়, যাতে ভোটারদের প্রভাবিত করার সুযোগ না থাকে।