দুগ্ধ ও কৃষি খাতে কি পড়বে কোপ? বিরোধীদের ‘মিথ্যার যন্ত্র’ বলে তোপ দেগে আসল সত্য জানালেন শিবরাজ

আমেরিকার সাথে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে দেশজুড়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে কৃষি ও দুগ্ধ খাত নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সমস্ত জল্পনায় জল ঢেলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাফ জানিয়ে দিলেন, ভারতের অন্নদাতাদের স্বার্থে বিন্দুমাত্র আঁচ আসতে দেবে না মোদী সরকার। তাঁর মতে, কৃষকদের সেবা করা ‘ঈশ্বরের সেবা’ করার সমান এবং সরকার তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে শিবরাজ সিং স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের প্রধান শস্য, ফল, দুগ্ধজাত পণ্য এবং বাজরা—সবই সম্পূর্ণ নিরাপদ। আমেরিকার জন্য এমন কোনো বাজার খুলে দেওয়া হয়নি যা আমাদের কৃষকদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।” তিনি আরও জানান যে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই সংসদে এই চুক্তির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারির টুইট ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার জবাবে মন্ত্রী বলেন, ছোট হোক বা বড়—প্রতিটি ভারতীয় কৃষকের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে।
দুগ্ধ ও কৃষি খাতে কোনো আপস নয়: চুক্তিটিকে কূটনীতি ও উন্নয়নের নতুন উদাহরণ হিসেবে বর্ণনা করে কৃষিমন্ত্রী বলেন, ভারত সংঘাতে নয় বরং ভারসাম্যপূর্ণ সংলাপে বিশ্বাসী। তিনি নিশ্চিত করেন যে, দুগ্ধজাত পণ্য এবং ভারতের প্রধান ফসলগুলোর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং এই চুক্তির ফলে রপ্তানি শুল্ক হ্রাস পাবে, যার সরাসরি সুফল পাবেন ভারতের তুলা চাষীরা। যখন টেক্সটাইল রপ্তানি বাড়বে, তখন তুলার চাহিদাও বৃদ্ধি পাবে।
বিরোধীদের কড়া সমালোচনা: চুক্তি নিয়ে কংগ্রেস ও বিরোধী দলগুলোর বিক্ষোভকে কড়া ভাষায় আক্রমণ করেছেন শিবরাজ সিং। তিনি বলেন, “বিরোধীরা মানসিকভাবে বিপর্যস্ত এবং তারা মিথ্যার যন্ত্রে পরিণত হয়েছে। তারা গুজব ছড়িয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় কারণ তারা মাঠে আমাদের সাথে লড়াই করতে পারছে না।” বুধবার সংসদে পীযূষ গোয়েলও একই সুরে বলেছিলেন যে, আলোচনার টেবিলে উভয় পক্ষই নিজ নিজ স্বার্থ রক্ষা করতে সফল হয়েছে এবং ভারত তার কৃষি ও দুগ্ধ খাতের সুরক্ষায় কোনো আপস করেনি।