নম্বর ‘ব্লক’ করায় প্রেমিকের বুকে ছুরি! বিলাসপুরে বিজেপি নেতার ভাইপোকে খুনে ধৃত তরুণী

মোবাইলে নম্বর ‘ব্লক’ করে দেওয়ার মাশুল দিতে হলো নিজের জীবন দিয়ে। সম্পর্কে তিক্ততা আর পরকীয়ার সন্দেহের জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠল তাঁরই প্রেমিকার বিরুদ্ধে। ছত্তিশগড়ের বিলাসপুরের এই রোমহর্ষক ঘটনায় মঙ্গলবার রাজ্যজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ২২ বছর বয়সী রোশনি সূর্যবংশীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবক কামতা প্রসাদ সূর্যবংশী (২৫) স্থানীয় এক বিজেপি নেতার ভাইপো। মাস ছয়েক আগে ইনস্টাগ্রামে রোশনির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তবে সম্প্রতি তাঁদের প্রেমে ফাটল ধরে। রোশনির সঙ্গে কথা বলা বন্ধ করে কামতা তাঁর নম্বর এবং মেসেজ সব ব্লক করে দিয়েছিলেন। রোশনির সন্দেহ ছিল কামতা অন্য কারও সাথে সম্পর্কে জড়িয়েছেন। মঙ্গলবার দুপুরে একটি ছুরি নিয়ে কামতার ভাড়াবাড়িতে চড়াও হন রোশনি। কামতার ফোন চেক করা নিয়ে বচসা শুরু হতেই আচমকা তাঁর বুকে ছুরি বসিয়ে দেন প্রেমিকা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কামতাকে মৃত বলে ঘোষণা করেন। জেরায় রোশনি জানিয়েছেন তিনি শুধু ভয় দেখাতে চেয়েছিলেন, কিন্তু রাগের মাথায় খুন করে বসেন। এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।