সরকারি স্কুলে ভর্তির নামে ২৫ হাজারের চুক্তি! বর্ধমানে হাতেনাতে ধরা পড়ল বড় চক্র

সরকারি স্কুলে ভর্তি করানোর টোপ দিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! পূর্ব বর্ধমানের খ্যাতনামা ‘বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুল’-কে কেন্দ্র করে বড়সড় জালিয়াতির ঘটনা সামনে আসতেই শহরজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের তির স্কুলেরই এক নিরাপত্তারক্ষীর দিকে, যাকে ইতিমধেই আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরণ: শহরের বাসিন্দা মুনিয়া কোলের অভিযোগ, তাঁর মেয়েকে স্কুলে ভর্তি করার প্রতিশ্রুতি দিয়ে ২৫ হাজার টাকা দাবি করেছিলেন অভিযুক্ত নিরাপত্তারক্ষী অমিতচুন রায়। গত ডিসেম্বরে অ্যাডভান্স হিসেবে ৫ হাজার টাকাও নেন তিনি। কিন্তু দীর্ঘ টালবাহানার পর জানানো হয়, মার্চ মাসে ভর্তি নিশ্চিত করতে আরও ২০ হাজার টাকা দিতে হবে। সন্দেহ হতেই মুনিয়া দেবী সোচ্চার হন এবং বিষয়টি প্রকাশ্যে আসে।
তদন্ত ও গ্রেফতারি: চরম নাটকীয় মোড়ে অভিযুক্ত নিরাপত্তারক্ষী নিজেই স্বীকার করেছেন যে তিনি ভর্তির নাম করে ৫ হাজার টাকা নিয়েছেন। এরপরই বর্ধমান থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে আটক করে। সরকারি স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিশ্বাসের ওপর বড় আঘাত হানল এই ঘটনা। পুলিশ খতিয়ে দেখছে এই চক্রের সাথে স্কুলের ভেতরের কেউ জড়িত কি না।