বাজেট ২০২৬: ১২ বছরে ৩ গুণ বৃদ্ধি! ১৭ লাখ কোটি থেকে ৫০ লাখ কোটির মাইলফলকে মোদী সরকারের বাজেট

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত এক দশকে ভারতীয় অর্থনীতির চালচিত্র যে আমূল বদলে গেছে, তার সবথেকে বড় প্রমাণ হলো কেন্দ্রীয় বাজেটের ক্রমবর্ধমান আকার। ২০১৪-১৫ অর্থবর্ষে মোদী সরকার যখন প্রথম বাজেট পেশ করেছিল, তখন তার পরিমাণ ছিল মাত্র ১৭.৯৫ লক্ষ কোটি টাকা। আর ২০২৫-২৬ অর্থবর্ষে সেই অঙ্ক পৌঁছেছে ৫০.৬৫ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ মাত্র এক যুগে বাজেটের বহর বেড়েছে প্রায় তিন গুণ।

বাজেটের বিবর্তন ও লক্ষ্য: তথ্য বলছে, ২০১৬-১৭ সালে বাজেট ছিল ১৯.৭৮ লক্ষ কোটি, যা ২০২১-২২ সালে বেড়ে দাঁড়ায় ৩৪.৮৩ লক্ষ কোটি টাকায়। বিশেষজ্ঞদের মতে, সরকারের এই বিশাল ব্যয়ের প্রধান লক্ষ্য হলো ক্যাপেক্স (Capex) বা পরিকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটেও প্রতিরক্ষা, বিদ্যুৎ এবং সাশ্রয়ী আবাসনের ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কোভিড কালে দেশের আর্থিক ঘাটতি ৯.২ শতাংশে পৌঁছালেও, বর্তমানে তা ৪.৪ শতাংশে নামিয়ে আনতে সফল হয়েছে কেন্দ্র।

[Image: Year-wise budget growth chart of India from 2014 to 2026]

কর্মচারীদের নজর ৮ম বেতন কমিশনে: এবারের বাজেটে ১.১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নজর থাকবে ৮ম বেতন কমিশনের (8th Pay Commission) দিকে। যদিও কমিশন গঠনের মাত্র তিন মাস হয়েছে, তবুও বেতন ও পেনশন বৃদ্ধির জন্য কোনো আলাদা আর্থিক সংস্থান রাখা হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। ৭ম বেতন কমিশনের সময় সরকারের খরচ ছিল ১.০২ লক্ষ কোটি টাকা, যা ৮ম কমিশনের ক্ষেত্রে ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও বাজেটের কারণে শেয়ার বাজার খোলা থাকবে। অর্থনৈতিক সমীক্ষায় ২০২৬-২৭ সালের জন্য ৬.৮ থেকে ৭.২ শতাংশ উন্নয়নের হার অনুমান করা হয়েছে, যা লগ্নিকারীদের উৎসাহিত করছে।