পদত্যাগ প্রত্যাহার ডেপুটি কমিশনার প্রশান্ত সিংয়ের! নিজের ভাইয়ের বিরুদ্ধেই আনলেন ‘মাফিয়া’ যোগের বিস্ফোরক অভিযোগ!

উত্তরপ্রদেশের রাজ্য কর বিভাগের ডেপুটি কমিশনার প্রশান্ত কুমার সিংকে নিয়ে চলা রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন এক নতুন মোড় নিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অপমানে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করার মাত্র কয়েকদিনের মাথায় নিজের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন তিনি। শনিবার অযোধ্যায় নিজের দপ্তরে কাজে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও মহলের চাপ ছাড়াই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
কাজে ফিরেই নিজের ভাই বিশ্বজিৎ সিংয়ের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছেন প্রশান্ত সিং। তিনি দাবি করেন, তাঁর ভাই কুখ্যাত গ্যাংস্টার মুখতার আনসারির ‘মাউ গ্যাং’-এর সক্রিয় সদস্য এবং আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। প্রশান্তের কথায়, “আমার ভাই একজন দাগী অপরাধী। সে বাবা-মাকে মারধর করেছে, ব্যাঙ্ক ম্যানেজারকে খুনের হুমকি দিয়েছে এবং তোলাবাজির সাথে যুক্ত। পরিবারের সম্মানহানি করাই তার কাজ।”
[Image: Prashant Singh addressing media in Ayodhya]
উল্লেখ্য, প্রশান্ত সিং পদত্যাগ করার পরেই তাঁর ভাই অভিযোগ তুলেছিলেন যে, প্রশান্ত একটি জাল প্রতিবন্ধী শংসাপত্র (Disabled Certificate) ব্যবহার করে চাকরি পেয়েছেন। এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে ডেপুটি কমিশনার বলেন, “২০২১ সালে মাউ-এর সিএমও কোনো যাচাই ছাড়াই আমার সার্টিফিকেটকে সন্দেহজনক বলেছিলেন। কিন্তু পরে অযোধ্যার সিএমও-র জেরার মুখে মাউ-এর স্বাস্থ্য দপ্তরই লিখিতভাবে স্বীকার করেছে যে আমার সার্টিফিকেটটি আসল। তাহলে কেন বারবার আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে?” তিনি অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট চক্র তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। উল্লেখ্য, অভিমুক্তেশ্বরানন্দের সাথে যোগী আদিত্যনাথের সাক্ষাৎ ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রতিবাদেই প্রথমে পদত্যাগ করেছিলেন এই আধিকারিক।