মুকুটমণিপুরে হুলস্থুল! পর্যটকদের ভিড়ে ঠাসা কংসাবতী তীরে দাউদাউ আগুন, সিলিন্ডার ফেটে বিপত্তি

শীতের রোদ মেখে যখন পর্যটকদের ভিড়ে জমজমাট বাঁকুড়ার মুকুটমণিপুর, ঠিক তখনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল কংসাবতী জলাধারের পাড়। শুক্রবার সকালে পর্যটনকেন্দ্রের অন্যতম জনপ্রিয় ভোজনালয় ‘খাদ্যছায়া’-তে রান্নার সময় হঠাৎই একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় দোকানের রান্নাঘর। এই ঘটনায় পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত এই খাবারের দোকানটি একটি সরকারি ঘরে অবস্থিত। প্রত্যক্ষদর্শীদের মতে, রান্নার কাজ চলার সময় সিলিন্ডারের পাইপ বা রেগুলেটর থেকে গ্যাস লিক করে এই বিপত্তি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সিভিক ভলেন্টিয়ার এবং খাতড়া মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রাথমিকভাবে তাঁরা জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা আয়ত্তের বাইরে চলে যায়।
শেষ পর্যন্ত খাতড়া দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সংলগ্ন এলাকা। এই অগ্নিকাণ্ডে দোকানের এক মহিলা কর্মী সামান্য আহত হয়েছেন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের গ্রাসে রান্নার সরঞ্জাম ও ইলেকট্রিক তার ভস্মীভূত হলেও, হতাহতের কোনও বড় খবর নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পর্যটনকেন্দ্রে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।