সারান্ডা অরণ্যে বড় সাফল্য! যৌথ বাহিনীর অভিযানে গুঁড়িয়ে গেল মাওবাদী ঘাঁটি, খতম ১০

পশ্চিম সিংভূম জেলার সারান্ডা অরণ্যে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের তীব্র গুলির লড়াইয়ে অন্তত ১০ জন মাওবাদী নিহত হয়েছে। কোলহান ডিভিশনের ডিআইজি অনুরঞ্জন কিসকোট্টা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে গোটা সারান্ডা অরণ্য ঘিরে ফেলে চিরুনি তল্লাশি (Combing Operation) চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, কিরিবুরু থানা এলাকার কুম্বাডিহি গ্রামে একদল মাওবাদী লুকিয়ে রয়েছে বলে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযানে নামে। জঙ্গলে ঢোকার মুখেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দীর্ঘক্ষণ ধরে চলা এই সংঘর্ষে ১০ জন মাওবাদী খতম হয়। ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশন) এস মাইকেল রাজ জানিয়েছেন, কিছু এলাকায় এখনও বিচ্ছিন্নভাবে গুলির লড়াই চলছে এবং পরিস্থিতির ওপর নজর রাখতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

নিহত মাওবাদীদের মধ্যে সংগঠনের কয়েকজন শীর্ষনেতা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সংঘর্ষস্থল থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সম্ভাবনা রয়েছে। এই অভিযানের ফলে মাওবাদীদের দীর্ঘদিনের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত সারান্ডা অরণ্যে বড়সড় ভাঙন ধরানো সম্ভব হলো বলে মনে করছেন আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে স্থানীয় গ্রামবাসীদের আপাতত ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে এবং এলাকার মোবাইল নেটওয়ার্কের ওপর কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।