ডোডায় শিউরে ওঠা দুর্ঘটনা! ২০০ ফুট গভীর খাদে সেনার গাড়ি, শহিদ ১০ বীর জওয়ান

উপত্যকায় কনকনে ঠান্ডার মাঝেই বড়সড় বিপর্যয়। জম্মু ও কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর ১০ জন সাহসী জওয়ান। বৃহস্পতিবার সকালে ডোডায় ভাদেরওয়া-চাম্বা রাজ্য সড়কের খানি টপের কাছে জওয়ানদের নিয়ে একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আরও অন্তত ৭ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর, এদিন মোট ১৭ জন জওয়ানকে নিয়ে গাড়িটি একটি উঁচু পোস্টে ডিউটির উদ্দেশ্যে যাচ্ছিল। খানি টপের দুর্গম মোড় ঘোরার সময় আচমকাই গাড়িটি রাস্তা থেকে ছিটকে সরাসরি খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার শব্দ পেয়েই স্থানীয় বাসিন্দারা প্রথম উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা ও পুলিশের বিশেষ উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ১০ জওয়ানের নিথর দেহ উদ্ধারের পাশাপাশি আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উধমপুরের কমান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমরা ১০ জন সাহসী সেনাকে হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের পাশে গোটা দেশ রয়েছে।” জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও জওয়ানদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। সেনাবাহিনীর তরফে ইতিমধ্যেই এই দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া না কি যান্ত্রিক গোলযোগ— ঠিক কী কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখা হচ্ছে।