বাজেট ২০২৬: মধ্যবিত্তের জন্য বাম্পার ধামাকা! ১৭ লক্ষ টাকা পর্যন্ত আয় কি হবে করমুক্ত?

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই বাজেট ঘিরেই এখন দেশজুড়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে মধ্যবিত্ত ও চাকরিজীবী শ্রেণির মনে একটাই প্রশ্ন—এবারের বাজেটে কি আয়করের বোঝা আরও কমবে? শিল্পমহল ও কর বিশেষজ্ঞদের ইঙ্গিত যদি সত্যি হয়, তবে নতুন কর কাঠামোয় করমুক্ত আয়ের সীমা এক ধাক্কায় ১৭ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

১২ লক্ষ থেকে ১৭ লক্ষ: কীভাবে সম্ভব এই জাদু? গত বছর নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কে কার্যত করমুক্ত করেছিল সরকার। এবার সেই সীমা ১৭ লক্ষ করার দাবি উঠছে। বিশেষজ্ঞদের মতে, যদি নতুন রেজিমে কিছু গুরুত্বপূর্ণ ছাড় ফিরিয়ে আনা হয়, তবেই এই লক্ষ্য পূরণ সম্ভব। সম্ভাব্য ছাড়গুলি হলো:

স্ট্যান্ডার্ড ডিডাকশন: বর্তমানের ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা।

হোম লোন: সুদে ২ লক্ষ এবং আসল টাকায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়।

স্বাস্থ্য বিমা: সেকশন 80D-র আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়।

শিল্পমহলের বড় দাবি: ইতোমধ্যেই ‘ICAI’ এবং ‘ফিকি’-র মতো সংগঠনগুলো তাদের দাবি পেশ করেছে। তাদের মতে, নতুন কর কাঠামোকে জনপ্রিয় করতে বেসিক এক্সেম্পশন লিমিট বা করমুক্ত আয়ের প্রাথমিক সীমা ৪ লক্ষ থেকে বাড়িয়ে ৮ লক্ষ টাকা করা জরুরি। এছাড়া ৫০ লক্ষের বদলে ৭৫ লক্ষ টাকা আয়ের ওপর সারচার্জ বসানোর আর্জিও জানানো হয়েছে।

প্রবীণ নাগরিকদের প্রত্যাশা: পুরনো কর ব্যবস্থায় প্রবীণদের জন্য যে বিশেষ সুবিধা ছিল, নতুন কাঠামোয় তার অভাব বোধ করছেন অনেকেই। তাই ২০২৬-এর বাজেটে প্রবীণদের চিকিৎসা খরচ ও করছাড় নিয়ে বিশেষ ঘোষণার জোরালো সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে নতুন ‘ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫’, যা ১৯৬১ সালের পুরনো আইনকে বদলে দেবে। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর ঝুলি থেকে মধ্যবিত্তের জন্য ঠিক কতটা স্বস্তি বেরোয়, এখন সেটাই দেখার।