‘এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না!’ ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে

২০২৬-এর শুরুতেই আমেরিকা ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক পদক্ষেপের হুঁশিয়ারির পাল্টা এক ভয়াবহ ভিডিও বার্তা সম্প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন (IRINN)। যেখানে ২০২৪ সালে পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের ওপর হওয়া প্রাণঘাতী হামলার স্মৃতি মনে করিয়ে দিয়ে বলা হয়েছে— “এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না।”
ভিডিওতে কী দেখা গেছে? ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহত হওয়া নিরাপত্তারক্ষীদের স্মরণে তেহরানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই সম্প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, এক শোকাতুর ব্যক্তির হাতে থাকা প্ল্যাকার্ডে ট্রাম্পের সেই রক্তাক্ত ছবি, যখন ২০২৪-এর নির্বাচনী প্রচারে থমাস ক্রুকস তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। সেই ছবির নিচে ফার্সি ভাষায় কড়া বার্তা লেখা— এবারের বুলেট নিশানা মিস করবে না।
কেন এই সংঘাত? ইরানে চলমান অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থান নিলে ট্রাম্প গত কয়েক দিনে একাধিকবার তেহরানকে সতর্ক করেছেন। তিনি সাফ জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বা মৃত্যুদণ্ড কার্যকর করলে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না; প্রয়োজনে সামরিক হামলা চালানো হবে। ট্রাম্পের এই “হস্তক্ষেপের” বিরুদ্ধেই এবার কড়া ও ব্যক্তিগত আক্রমণাত্মক জবাব দিল ইরান।
ইরানের বর্তমান পরিস্থিতি: মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ২,৬০০ ছাড়িয়েছে। তবে ইরান সরকারের দাবি, এই বিক্ষোভ বিদেশি ষড়যন্ত্র। তেহরানে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে শত শত মানুষ ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেন এবং ট্রাম্পকে দায়ী করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে হত্যার এই হুমকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিল।