আধার নিয়ে সব সমস্যার সমাধান এবার এক তুড়িতে! আলাপ করুন UIDAI-এর নতুন ম্যাসকট ‘Udai’-এর সাথে

আধার সংক্রান্ত পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক অভিনব পদক্ষেপ নিল আধার কর্তৃপক্ষ (UIDAI)। এবার থেকে আধার কার্ডের ছোটখাটো ভুল সংশোধন বা তথ্য আপডেটের জন্য আর অফিসে দৌড়ঝাঁপ করতে হবে না। নাগরিকদের সহায়তার জন্য সংস্থা নিয়ে এসেছে এক স্মার্ট ডিজিটাল ম্যাসকট, যার নাম দেওয়া হয়েছে ‘Udai’।
এটি কেবল একটি ছবি বা কার্টুন চরিত্র নয়, বরং একটি উচ্চমানের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা চ্যাটবট হিসেবে কাজ করবে। UIDAI-এর ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের ভাষায় প্রশ্ন করলেই মিলবে আধার সংক্রান্ত সব সমস্যার দ্রুত ও নির্ভুল সমাধান। সংস্থার সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, দেশজুড়ে ডিজাইন ও নামকরণের এক প্রতিযোগিতার মাধ্যমে ৮৭৫ জন প্রতিযোগীর মধ্যে থেকে কেরলের অরুণ গোকুলের ডিজাইন এবং ভোপালের রিয়া জৈনের দেওয়া ‘Udai’ নামটি বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসেই UIDAI তাদের নতুন আধার অ্যাপ লঞ্চ করেছিল, যা ডিজিটাল আধার কার্ড সুরক্ষিত রাখতে সাহায্য করে। এবার এই নতুন ম্যাসকট যুক্ত হওয়ায় আধার সংশোধন বা ডাউনলোডের পদ্ধতি সাধারণ মানুষের কাছে জলভাতের মতো সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।