“মানুষ মারলে রক্ষা নেই, গুঁড়িয়ে দেব ইরান!” সরাসরি যুদ্ধের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প!

ইরানে চলমান গণবিক্ষোভ দমনে যদি রক্তপাত ঘটানো হয়, তবে দেশটিতে ভয়াবহ সামরিক হামলা চালানো হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কনজারভেটিভ রেডিও হোস্ট হাগ হেউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের প্রতি এই কড়া বার্তা দেন তিনি।
“খুব শক্তভাবে আঘাত হানব” সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “আমি তাদের (ইরান সরকার) জানিয়ে দিয়েছি, যদি তারা মানুষকে হত্যা করা শুরু করে—যা তারা আগেও দাঙ্গার সময় করেছে—তাহলে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানব।” ট্রাম্পের এই বক্তব্য থেকে পরিষ্কার যে, তেহরানের যেকোনো কঠোর পদক্ষেপের বিপরীতে ওয়াশিংটন সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে।
নিবিড় পর্যবেক্ষণে হোয়াইট হাউস বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের বিষয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, “আমরা খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তারা জানে যে তাদের খুব শক্তভাবে বলা হয়েছে, এখন আমি আরও শক্তভাবে বলছি। যদি তারা বিক্ষোভকারীদের হত্যা শুরু করে, তবে তাদের চরম মূল্য দিতে হবে।”
ইরানের জনগণের প্রতি বার্তা আন্দোলনরত ইরানি নাগরিকদের সাহস জুগিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আপনাদের স্বাধীনতার ব্যাপারে অনুভূতি খুবই দৃঢ় হওয়া প্রয়োজন।” ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘি ঢালবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে ইরানে সহিংস বিক্ষোভ চলছে। ইতিমধ্যে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ‘খামেনির মৃত্যু চাই’ স্লোগান উঠেছে। এমন উত্তাল পরিস্থিতিতে ট্রাম্পের এই সামরিক হুমকির বার্তা মধ্যপ্রাচ্যের উত্তাপকে কয়েকগুণ বাড়িয়ে দিল।