দেশের আত্মসম্মান কি বিসর্জন দেওয়া হচ্ছে? ট্রাম্পের হুঁশিয়ারি ও চিনা দাপট নিয়ে তোপ কংগ্রেস সভাপতির

কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি এবং চিনা সংস্থাগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জল্পনা নিয়ে এবার সুর চড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার মোদী সরকারকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, ভারতের বিদেশ নীতি বর্তমানে একটি ‘বেলাগাম পেন্ডুলামের’ মতো দুলছে। সরকারের এই অসংগতির মাশুল দেশের সাধারণ মানুষ দিচ্ছে বলে তিনি দাবি করেন।

সম্প্রতি খবর রটেছে যে, সরকারি ঠেকায় অংশ নেওয়ার জন্য চিনা কোম্পানিগুলির ওপর গত পাঁচ বছর ধরে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর পুরনো প্রতিশ্রুতি “দেশকে ঝুঁকতে দেব না” উদ্ধৃত করে খাড়গে কটাক্ষ করেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (টুইটার) লিখেছেন, “আজ যা ঘটছে তা ঠিক উল্টো। গালওয়ানে আমাদের বীর সেনাদের আত্মবলিদানকে ক্লিন চিট দিয়ে অপমান করেছিলেন মোদী। আর এখন চিনা কোম্পানিদের জন্য লাল কার্পেট বিছিয়ে দিচ্ছেন। বোঝা যাচ্ছে তাঁর সেই ‘লাল চোখ’ এখন কতটা ফিকে হয়ে গিয়েছে।”

শুধু চিন নয়, রুশ তেল রফতানি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং তাতে মোদীর নীরবতাকেও ‘আত্মসমর্পণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন কংগ্রেস সভাপতি। খাড়গে বলেন, ট্রাম্প প্রতিদিন ভারতের নীতি নিয়ে আক্রমণ করছেন, অথচ প্রধানমন্ত্রী চুপ করে চোখ ঘুরিয়ে নিচ্ছেন। তাঁর মতে, ভারত আগে জোটনিরপেক্ষ ও কৌশলগত স্বায়ত্তশাসনের যে নীতি অনুসরণ করত, মোদী সরকার তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর চিনা অ্যাপ ও কোম্পানি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু এখন আমেরিকার চাপের মুখে সম্পর্ক স্বাভাবিক করার নামে চিনকে ছাড় দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নই তুলেছেন তিনি।