আইপ্যাক তল্লাশিতে খোদ মুখ্যমন্ত্রী! ফাইল-ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টে ইডি

তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর (I-PAC) দফতরে তল্লাশি ঘিরে এবার নজিরবিহীন আইনি লড়াই শুরু হলো কলকাতা হাইকোর্টে। ইডির অভিযোগ, কয়লা পাচার মামলার সূত্রে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়ে তদন্তে বাধা দিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই কলকাতা পুলিশের সহায়তায় ইডি আধিকারিকের হেফাজত থেকে ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথি জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে মামলার পক্ষভুক্ত করে সরাসরি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি, রাজীব কুমার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে, যা কোনও সাধারণ পুলিশি তদন্তের আওতায় আসা সম্ভব নয়। ইডি পিটিশনে স্পষ্টভাবে জানিয়েছে, পিএমএলএ আইনের তোয়াক্কা না করেই তল্লাশিতে হস্তক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। মুখপাত্র তন্ময় ঘোষের দাবি, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি ভয় পেয়ে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাচ্ছে। এমনকি ইডির বিরুদ্ধেও থানায় পাল্টা মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, ইডি ও তৃণমূলের দায়ের করা জোড়া মামলার শুনানি একসঙ্গেই হবে। ভোটের আগে এই আইপ্যাক রহস্য ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।