রোজকার একঘেয়ে ব্রেকফাস্টে আনুন টুইস্ট! বানান পুষ্টিকর ‘বিটরুট পনির দোসা’, রইল সহজ রেসিপি

সকালের জলখাবার বা ব্রেকফাস্ট আমাদের শরীরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তাই এটি কখনও বাদ দেওয়া উচিত নয়। প্রতিদিনের সেই একঘেয়ে রুটি-তরকারি বা পাউরুটি যদি আপনার মুখে না রোচে, তবে আজই ট্রাই করতে পারেন জিভে জল আনা এবং স্বাস্থ্যকর ‘বিটরুট পনির দোসা’। এটি যেমন দেখতে সুন্দর, তেমনই পুষ্টিগুণে ঠাসা।
বিটরুট পনির দোসা তৈরির উপকরণ:
দোসা ব্যাটার (চালের গুঁড়ো ও বিউলি ডালের মিশ্রণ)
বিটরুট (বিট)
পনির (কোরানো)
মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা
গোলমরিচ গুঁড়ো, চাট মশলা ও নুন
তেল বা মাখন
প্রস্তুত প্রণালী: ১. বিটের পিউরি: প্রথমে বিট খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন। সামান্য জল দিয়ে মিক্সারে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। আপনি চাইলে বিট সেদ্ধ করেও পেস্ট করতে পারেন। ২. ব্যাটার তৈরি: একটি বড় পাত্রে দোসার ব্যাটারের সাথে বিটের পেস্ট এবং স্বাদমতো নুন মেশান। ব্যাটারটি সুন্দর গোলাপি রঙ না হওয়া পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিন। ৩. পুর তৈরি: একটি বাটিতে কোরানো পনির, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, চাট মশলা এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে স্টাফিং তৈরি করে নিন। ৪. দোসা ভাজা: নন-স্টিক প্যান গরম করে আঁচ কমিয়ে এক হাতা ব্যাটার মাঝখানে দিয়ে বৃত্তাকার গতিতে পাতলা করে ছড়িয়ে দিন। ৫. স্টাফিং ও পরিবেশন: ধারের দিকে সামান্য তেল বা মাখন দিন। দোসা মুচমুচে হয়ে এলে মাঝখানে পনিরের পুর দিয়ে ভাঁজ করে নিন। গরম গরম নারকেলের চাটনি বা সাম্বারের সাথে পরিবেশন করুন।
কেন খাবেন এই দোসা? বিটরুট পনির দোসা কেবল সুস্বাদু নয়, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। পনির থেকে পাওয়া প্রোটিন এবং বিটের আয়রন আপনাকে সারাদিন রাখবে চনমনে।