বিজয় ভক্তদের জন্য বড় খবর! মুক্তির পথ পরিষ্কার ‘জন নায়কন’-এর, সেন্সর বোর্ডকে কড়া নির্দেশ আদালতের

থালাপথি বিজয়ের রূপোলি পর্দার শেষ সফর ‘জন নায়কন’ (Jan Nayagan) নিয়ে চলা দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটল। ছবিটিকে অবিলম্বে ‘U/A’ শংসাপত্র দেওয়ার জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-কে কড়া নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেন্সর বোর্ডের গড়িমসি এবং অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছবিটির ৯ জানুয়ারির পূর্বনির্ধারিত মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল। আদালতের এই রায়ের পর সুপারস্টারের বিদায়ী ছবি মুক্তির পথে আর কোনও বাধা রইল না।

মামলার পর্যবেক্ষণে আদালত স্পষ্ট জানিয়েছে যে, একবার স্ক্রিনিং কমিটি কিছু কাটছাঁটের পর ‘U/A’ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে, সিবিএফসি চেয়ারম্যানের তা পুনর্মূল্যায়ন কমিটির কাছে পাঠানোর ক্ষমতা অবৈধ হয়ে যায়। উল্লেখ্য, সিবিএফসি-র এক সদস্যের আপত্তির জেরে ছবিটিকে রিভিউ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাকে ‘স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক’ বলে দাবি করেছিলেন ছবির প্রযোজকরা। আদালত সেই যুক্তিতেই সিলমোহর দিয়েছে।

এইচ. বিনোথ পরিচালিত এই মেগা প্রজেক্টটি বিজয় ভক্তদের কাছে অত্যন্ত আবেগপ্রবণ, কারণ সক্রিয় রাজনীতিতে প্রবেশের আগে এটিই তাঁর শেষ সিনেমা। পূজা হেগড়ে এবং মমিতা বৈজু অভিনীত এই ছবিটি ২২টি দেশে মোট চারটি ভাষায় মুক্তি পেতে চলেছে। সেন্সর বোর্ডের সুপারিশ অনুযায়ী যৌন নিগ্রহ, হিংসা এবং কিছু বিতর্কিত সংলাপে কাঁচি চালিয়েছেন নির্মাতারা। এখন আদালতের নির্দেশে শংসাপত্র হাতে পেলেই নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন কেভিএন প্রোডাকশন কর্তৃপক্ষ। পর্দার ‘থালাপথি’ এবার জননায়ক হয়ে বক্স অফিসে কতটা ঝড় তোলেন, সেটাই এখন দেখার।