সিনেমাটিক স্টাইলে ধাওয়া! পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছিল লোহার পাইপ বোঝাই লরি, তারপর যা হলো…

বাঁকুড়ায় একেবারে ফিল্মি কায়দায় ধাওয়া করে অবৈধ লোহার পাইপ বোঝাই লরি আটক করল পুলিশ। বৃহস্পতিবার পাত্রসায়ের থানার ঈদিলচক নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন একটি ৪০৭ লরিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, সোনামুখী থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় লরিটির গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের। লরিটি থামিয়ে চালকের কাছে বৈধ নথি দেখতে চাইলেই ঘটে বিপত্তি। নথিপত্র দেখানোর বদলে লরি নিয়ে দ্রুতগতিতে চম্পট দেওয়ার চেষ্টা করে চালক ও খালাসি।
পুলিশও দমে যাওয়ার পাত্র নয়। পিছু ধাওয়া করে কিছুটা দূরেই লরিটিকে ঘিরে ফেলে তারা। লরি থেকে ১২৭টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। লরিচালক মহাদেব মুর্মু এবং খালাসি সমীর মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনেরই বাড়ি পূর্ব বর্ধমানের কালনা এলাকায়।
শুক্রবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই পাচারচক্রের জাল কতদূর বিস্তৃত, পাইপগুলি কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রের মূল পান্ডা কারা, তা জানতে জেরা শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ। আন্তঃজেলা এই পাচারচক্রের পর্দাফাঁস করতে মরিয়া তদন্তকারীরা।