চলন্ত ট্রেনে নিথর কর্নাটকের যাত্রী! মেদিনীপুর স্টেশনে শোরগোল, মৃত্যুর কারণ কি কনকনে ঠান্ডা?

শুক্রবার সকালে হাওড়াগামী রানী শিরোমণি এক্সপ্রেসে এক যাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। মেদিনীপুর স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর কামরার ভেতরে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সহযাত্রীরা। তড়িঘড়ি আরপিএফ (RPF) ও জিআরপি (GRP)-কে খবর দেওয়া হলে তারা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। রেলের মেডিকেল টিম পরীক্ষা করার পর ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের কাছে থাকা আধার কার্ড থেকে জানা গিয়েছে, তাঁর নাম মাল্লাপ্পা এবং তিনি কর্নাটকের ইয়াদগীর জেলার বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি যখন মেদিনীপুর স্টেশনে ঢোকে, তখনই বিষয়টি জানাজানি হয়। প্রাথমিক তদন্তে সহযাত্রীদের অনেকেই অনুমান করছেন, উত্তরোত্তর বাড়তে থাকা কনকনে ঠান্ডার জেরেই হয়তো ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলছে না রেল পুলিশ।
রেল সূত্রের খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। ইতিমধ্যেই কর্নাটকে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। পরিবারের খোঁজ মিললে নিয়ম মেনে দেহটি তাঁদের হাতে তুলে দেওয়া হবে।