ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে আন্দোলনের আগুনে ঘি ঢাললেন পহেলভি, তেহরানের মসনদে কি পরিবর্তনের হাওয়া?

ইরানের উত্তপ্ত পরিস্থিতির মাঝে আজ শুক্রবার দিনটি তেহরানের বর্তমান প্রশাসনের জন্য ‘ফয়সালার দিন’ হয়ে উঠতে পারে। নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পহেলভি আরও একবার দেশের জনগণের প্রতি বিদ্রোহের ডাক দিয়েছেন। তাঁর আগের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাত থেকেই ইরানে গণবিক্ষোভ চরম আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলেও বিক্ষোভের আঁচ কমার নাম নেই।

রেজা পহেলভি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে জানিয়েছেন, আজ শুক্রবার রাত ৮টায় যেন মানুষ আরও বড় সংখ্যায় রাস্তায় নামে। তিনি বলেন, “বৃহস্পতিবার আপনারা প্রমাণ করেছেন যে জনস্রোত থাকলে দমনমূলক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। যারা এখনও দ্বিধায় আছেন, আজ রাতে তাঁরাও পথে নামুন।” যুবরাজ স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন যেন ছোট ছোট মিছিলগুলোকে একত্রে বিশাল জনসমুদ্রে রূপ দেওয়া হয়, যাতে নিরাপত্তা বাহিনী পরাস্ত হয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানে এই বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার যুবরাজ পহেলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মুক্ত বিশ্বের নেতা’ বলে অভিহিত করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে বহু মানুষের প্রাণ গিয়েছে এবং কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের মাঝেও ইরানের সাধারণ মানুষ এখন রাজপথ ছাড়তে নারাজ।