‘হিন্দি সিনেমাকেও হার মানিয়েছেন মমতা!’ আই-প্যাক দপ্তরে মুখ্যমন্ত্রীর ঝটিকি হানা নিয়ে তোপ বিজেপির

আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক উপস্থিতি এবং ফাইল ও হার্ডডিস্ক নিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন আক্রমণ শানাল বিজেপি শিবির। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার থেকে শুরু করে ভারতী ঘোষ ও শঙ্কর ঘোষরা মুখ্যমন্ত্রীর ভূমিকাকে ‘অগণতান্ত্রিক’ ও ‘বেআইনি’ বলে দাগিয়ে দিয়েছেন। বিজেপি নেতা সম্বিত পাত্র কটাক্ষ করে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, এমন দৃশ্য হিন্দি সিনেমাতেও দেখা যায় না!”
প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের দাবি, তদন্তে বাধা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে তিনি সত্য সামনে আসুক তা চান না। অন্যদিকে, শঙ্কর ঘোষের অভিযোগ— গুরুত্বপূর্ণ তথ্য লোপাট করতেই মুখ্যমন্ত্রী নিজে সশরীরে হাজিরা দিয়ে ফাইল উদ্ধার করেছেন। বিজেপি নেতাদের মতে, এই ঘটনা দেশের সামনে বাংলার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন শমীক ভট্টাচার্য। সব মিলিয়ে আই-প্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর ‘সক্রিয়তা’ এখন বিজেপির প্রধান রাজনৈতিক হাতিয়ার।