মুখ্যমন্ত্রী কি আইনি জালে? ইডির তল্লাশিতে ‘বাধা’ ও ‘নথি লোপাটে’র অভিযোগে হাইকোর্টে মামলা!

রাজ্যে নজিরবিহীন সাংবিধানিক সংকট! আই-প্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে সেখানে উপস্থিত হওয়া এবং ‘নথি সরিয়ে ফেলা’র অভিযোগে উত্তাল কলকাতা হাইকোর্ট। ইডির দাবি, মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে তদন্তে সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং গুরুত্বপূর্ণ হার্ড ড্রাইভ ও ফাইল জোর করে বের করে নিয়ে গিয়েছেন। এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সংস্থা।

আইন বিশেষজ্ঞদের মতে, বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীর কোনও অতিরিক্ত আইনি রক্ষাকবচ নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী প্রণব সিং জানিয়েছেন, ফৌজদারি মামলায় তিনি একজন সাধারণ নাগরিকের মতোই আইনের অধীন। পিএমএলএ (PMLA) সেকশন ৬৭ অনুযায়ী, বৈধ তদন্তে বাধা দিলে কঠোর শাস্তির বিধান রয়েছে। এমনকি ইডি যদি প্রমাণ করতে পারে যে মুখ্যমন্ত্রী তথ্যপ্রমাণ নষ্ট করেছেন, তবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো তাঁর গ্রেফতারির পথও প্রশস্ত হতে পারে। আজই বিচারপতি মান্থার এজলাসে এই হাইভোল্টেজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।