অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা! মুম্বই লোকালে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা

মুম্বইয়ের কুরলা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের কামরায় হঠাৎই আগুন লেগে যায়। রেল সূত্রে খবর, আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রেনের ভেতরে দাউদাউ শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। রেল কর্তৃপক্ষ আগুনের কারণ খতিয়ে দেখছে।
অন্যদিকে, পুণ্যলগ্নে মেলা শুরুর আগেই অগ্নিকাণ্ডের কবলে গঙ্গাসাগর। শুক্রবার ভোর ৪টে নাগাদ ২ নম্বর স্নানঘাটের কাছে একাধিক অস্থায়ী প্রশাসনিক ছাউনিতে আগুন লাগে। মূলত বাঁশ ও প্লাস্টিকের ছাউনি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুলিশ, তথ্য-সংস্কৃতি দপ্তর এবং সংবাদমাধ্যমের ক্যাম্পে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক। ঘটনাস্থলে পরিদর্শনে যান সাগরের বিডিও কানাইয়াকুমার রায়।
প্রশাসনের দাবি, এই ছাউনিগুলি পুণ্যার্থীদের জন্য ছিল না, এগুলি মূলত মেলা পরিচালনার কর্মীদের জন্য ব্যবহৃত হত। বড় কোনো বিপর্যয় ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রশাসন। তবে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।