অমর্ত্য সেনের পর এবার প্রাক্তন পুলিশ কমিশনার! এসআইআর নোটিস পেলেন প্রসূন মুখোপাধ্যায়

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR) সাঁড়াশি অভিযানে এবার নাম জড়াল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের। কমিশন সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় প্রসূনবাবু এবং তাঁর পুত্র রণজিৎ মুখোপাধ্যায়কে সশরীরে শুনানিতে হাজির হওয়ার নোটিস পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা বিধাননগরের বাসিন্দা।
রণজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০০২ সালে তাঁর বাবা উত্তরবঙ্গে আইজি (IG) পদে কর্মরত ছিলেন, সম্ভবত সেই কারণেই পুরনো তালিকায় তাঁদের নাম নেই। আগামী ১৪ ও ১৫ তারিখ তাঁদের মহকুমা শাসক (SDO) অফিসে গিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। ক্ষোভ প্রকাশ করে রণজিৎ বলেন, “আমি ২০১৯ সালে কংগ্রেসের প্রার্থী ছিলাম। আমি যদি শুনানিতে না যাই, তবে আমার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। বিজেপি ভেবেছিল এতে শুধু এক বিশেষ সম্প্রদায়ের নাম বাদ যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে হিন্দুদের নামই বেশি বাদ যাচ্ছে।”
ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় অমর্ত্য সেন, ক্রিকেটার মহম্মদ শামি এবং অভিনেতা দেবের মতো ব্যক্তিত্বদের নোটিস পাঠানো হয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে।