OMG! নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা SUV-র, মৃত ৪ কলেজ পড়ুয়া, গুরুতর জখম ১

জন্মদিনের উৎসব বদলে গেল ভয়াবহ বিষাদে। মাঝরাতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলঙ্গানার খ্যাতনামা আইসিএফএআই (ICFAI) বিজনেস স্কুলের চার ছাত্র। বুধবার রাত একটা নাগাদ রঙ্গারেড্ডি জেলার মোকিলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই ওই কলেজের পড়ুয়া। এই ঘটনায় আরও এক ছাত্রী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জন্মদিন উদযাপনই হলো কাল মোকিলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বন্ধু মিলে এক সহপাঠীর জন্মদিনের পার্টি সেরে এসইউভি (SUV)-তে করে মোকিলা থেকে নরসিংগি যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন কারগয়ালা সুমিত (২০)। মির্জাগুডার কাছে পৌঁছলে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে এবং পরে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়।
নিভে গেল চার প্রদীপ ঘটনাস্থলেই মৃত্যু হয় কারগয়ালা সুমিত (২০), শ্রী নিখিল (২০), বালমুরি রোহিত (১৮) এবং সূর্য তেজা (২০)-র। গুরুতর আহত সুঙ্কারি নক্ষত্র (২০) নামের এক ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃত পড়ুয়ারা নারসিংগি, কোকাপেট ও মানচেরিয়াল এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।
অতিরিক্ত গতিই কি কারণ? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাঝরাস্তায় গাড়ির গতিসীমা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। যার ফলে চালক সুমিত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের জন্য দেহগুলি ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।