চেহারা নিয়ে নোংরা কটাক্ষের কড়া জবাব! নতুন বছরে জিম-ডায়েটে আমূল বদল আনছেন সায়ন্তিকা

নতুন বছর শুরু হতেই নিজের শরীর ও স্বাস্থ্যের দিকে নতুন করে নজর দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস ধরে সমাজমাধ্যমে নিজের শারীরিক গঠন নিয়ে লাগাতার ট্রোলিং ও নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছিলেন তিনি। তবে দমে না গিয়ে, নীরবে নিজের ফিটনেস পুনরুদ্ধারের লড়াই শুরু করেছেন এই তারকা বিধায়ক।

সায়ন্তিকার এই শারীরিক পরিবর্তনের নেপথ্যে ছিল এক কঠিন মানসিক পর্যায়। গত বছর তাঁর প্রিয় পোষ্য ‘সিরাজ’-এর মৃত্যু তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততায় খাওয়াদাওয়া অনিয়মিত হয়ে পড়ে এবং গ্যাসট্রিকের সমস্যায় জেরবার হন তিনি। এই সবকিছুর প্রভাবেই তাঁর ফিটনেসে সাময়িক ঘাটতি দেখা দেয়। সায়ন্তিকা বলেন, “অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু কেউ জানেন না কে কখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি শুধু ওজন কমাতে নয়, ভিতর থেকে সুস্থ হতে চাই।”

বর্তমানে সামনেই বিধানসভা নির্বাচন এবং এসআইআর (SIR) সংক্রান্ত কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত শাসকদলের এই বিধায়ক। এই মুহূর্তে বড় পর্দায় ফেরার কোনো পরিকল্পনা না থাকলেও, নিজেকে চনমনে রাখতে নিয়মিত শরীরচর্চা ও বাড়ির তৈরি খাবার খাওয়ার ওপর জোর দিচ্ছেন তিনি। সায়ন্তিকার সাফ বার্তা, সমালোচকদের কথায় কান না দিয়ে তিনি নিজের লক্ষ্যেই স্থির।