নাম বাদ গেলেই কি নাগরিকত্ব হারাবেন? সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে বড় বয়ান কমিশনের

ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ (SIR) নিয়ে চলা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারতের নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে কমিশন সাফ জানিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার আগে কোনো ব্যক্তি প্রকৃতই ভারতীয় নাগরিক কি না, তা যাচাই করা কমিশনের সাংবিধানিক কর্তব্যের মধ্যে পড়ে।
কমিশনের পক্ষে বর্ষীয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করে বলেন, ভোটার তালিকায় বিদেশি নাগরিকদের নাম থাকা সরাসরি সংবিধান বিরোধী। তিনি আবেদনকারীদের সেই দাবি খারিজ করে দেন, যেখানে বলা হয়েছিল যে আধার কার্ড থাকলেই ভোটার হিসেবে নাম নথিভুক্ত করা উচিত। দ্বিবেদী যুক্তি দেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়। গণপরিষদের সময় থেকেই সংবিধান প্রণেতারা কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন যাতে শুধুমাত্র ভারতীয়রাই ভোটার তালিকায় স্থান পান।
তবে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া আতঙ্ক কাটাতে কমিশন স্পষ্ট করেছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়। এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া মাত্র। কাউকে ‘অ-ভারতীয়’ ঘোষণা করার অধিকার কেবল কেন্দ্রীয় সরকারের। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে কারও অধিকার কেড়ে নেওয়া কমিশনের লক্ষ্য নয়। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে।