“একবার কথা বলতে চাই প্রবাহর সঙ্গে”, হাসপাতালে অনবরত কেঁদে চলেছেন ট্রমাটাইজড দেবলীনা

৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টার পর গায়িকা দেবলীনা নন্দী এখন মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও, কাটেনি আশঙ্কার মেঘ। বুধবার ফেসবুক লাইভে এসে দেবলীনার দিদি শর্মিষ্ঠা জানিয়েছেন, তাঁর বোন শারীরিক দিক থেকে কিছুটা সুস্থ হলেও মারাত্মক মানসিক ‘ট্রমা’র মধ্যে রয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে অনবরত কেঁদে চলেছেন তিনি এবং এখনও তাঁর মাথায় ঘুরছে আত্মহননের চিন্তা।
শর্মিষ্ঠার দাবি, দেবলীনা এখন সুস্থ হওয়ার বদলে বারবার জানতে চাইছেন কীভাবে সবচেয়ে সহজে প্রাণত্যাগ করা যায়। দিদি হয়ে বোনের মুখে এই কথা শোনা অসহ্যকর হয়ে দাঁড়িয়েছে তাঁর কাছে। একইসঙ্গে পরিবারের অভিযোগ, দেবলীনার এই অবস্থার কথা জেনেও তাঁর স্বামী প্রবাহ নন্দী বা শ্বশুরবাড়ির কেউ একবারও খোঁজ নেননি। অথচ দেবলীনা এখনও ঘোরের মধ্যে বারবার স্বামী প্রবাহর সঙ্গেই কথা বলার জেদ ধরছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, দেবলীনার মানসিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তিনি যে কোনও মুহূর্তে আবারও নিজেকে শেষ করার চেষ্টা করতে পারেন, তাই পরিবারকে ২৪ ঘণ্টা সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যক্তিগত জীবনের অশান্তি যে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে কতটা গভীরে ক্ষতবিক্ষত করেছে, শর্মিষ্ঠার কান্নভেজা লাইভ তার প্রমাণ দিল।