“মুরগি-ছাগলদের কি জীবন নেই?”—পথকুকুর মামলায় প্রাণী অধিকার নিয়ে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের

বুধবার সুপ্রিম কোর্টে পথকুকুর নিয়ন্ত্রণ মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেন। শুনানির এক পর্যায়ে বিচারপতিরা প্রশ্ন তোলেন, “অন্য প্রাণীদের জীবনের কী হবে? মুরগি বা ছাগল—এদের কি জীবন নেই?” মূলত প্রাণী অধিকার শুধুমাত্র কুকুরের মধ্যে সীমাবদ্ধ কি না, সেই বিতর্কই উসকে দিয়েছে আদালত।
আদালত স্পষ্ট ভাষায় জানায়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা আদালত চত্বরে পথকুকুরদের থাকার কোনও প্রয়োজন নেই। বিচারপতি বিক্রম নাথ বলেন, “কোন কুকুর কখন কামড়াবে বা কার কখন মেজাজ (Mood) কেমন থাকবে, তা আগে থেকে অনুমান করা অসম্ভব। এটা শুধু কামড়ানোর বিষয় নয়, রাস্তার কুকুরের জন্য যে ধরণের দুর্ঘটনা ঘটে, সেগুলোও মাথায় রাখা জরুরি।”
শুনানিতে উপস্থিত আইনজীবী কপিল সিবল জানান যে তাঁরা কুকুরপ্রেমী ও পরিবেশপ্রেমী হিসেবেই সওয়াল করছেন। অন্যদিকে এক পশুপ্রেমী প্রশ্ন তোলেন যে কুকুর না থাকলে বাঁদর বা আবর্জনার সমস্যা বাড়বে। তবে আদালত তার অবস্থানে অনড় থেকে জানায় যে, সাধারণ মানুষের নিরাপত্তা বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানে কুকুরের আনাগোনা বন্ধ করা জরুরি। গত নভেম্বর মাসেই শীর্ষ আদালত স্কুল, হাসপাতাল ও রেল স্টেশনে কুকুর নিষিদ্ধ করে তাদের শেল্টারে রাখার নির্দেশ দিয়েছিল। আজকের পর্যবেক্ষণ সেই অবস্থানকেই আরও শক্তিশালী করল।