টোটো থাকলেই কপাল পুড়ল! উজ্জ্বলা গ্যাসের ফ্রিতে কানেকশন পাওয়া নিয়ে মোদী সরকারের নতুন ‘শর্তে’ তোলপাড়

রান্নার গ্যাসের দাম এমনিতেই আকাশছোঁয়া, তার ওপর বিনামূল্যে ‘উজ্জ্বলা’ (Ujjwala Yojana) সংযোগ পাওয়া নিয়েও এবার কড়া নিয়ম জারি করল কেন্দ্র। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পরিবারের কারও যদি নিজস্ব টোটো (Toto) বা তিন চাকার গাড়ি থাকে, তবে সেই পরিবার আর প্রকল্পের সুবিধা পাবে না। মোদী সরকারের এই নয়া ফরমান ঘিরেই এখন রাজ্য রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কী বলা হয়েছে কেন্দ্রের নতুন নির্দেশিকায়?
পেট্রোলিয়াম মন্ত্রকের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পেতে গেলে মানতে হবে একাধিক কঠিন শর্ত। আবেদন বাতিল হবে যদি:
পরিবারের কারও নামে তিন বা চার চাকার যান (টোটো, অটো, বা গাড়ি) থাকে।
নিজস্ব মাছ ধরার যান্ত্রিক নৌকা থাকে।
পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হয়।
৩০ স্কোয়ার মিটার কার্পেট এরিয়ার নিজস্ব পাকা বাড়ি থাকে।
তিন বা চার চাকার কোনও কৃষি সরঞ্জাম (যেমন ট্রাক্টর) থাকে।
টোটো কি বিলাসিতা? উঠছে প্রশ্ন
কেন্দ্রের এই নিয়মে সবচেয়ে বেশি ক্ষুব্ধ টোটো চালকরা। অনেকেরই প্রশ্ন, সংসারের ঘানি টানতে লোন নিয়ে কেনা টোটো কি বিলাসবহুল গাড়ি? মাসে ১০ হাজার টাকা আয় করে বর্তমান বাজারে সংসার চালানোই দায়, সেখানে এই আয়ের সীমা বেঁধে দেওয়াকে অবাস্তব বলে মনে করছেন ডিলাররাও। তাঁদের দাবি, “টোটো থাকা মানেই কি পরিবার ধনী? এই শর্তের ফলে প্রকৃত গরিব মানুষই তালিকা থেকে বাদ পড়বেন।”
বিপাকে গ্যাস ডিলাররা
নতুন আবেদনপত্র যাচাই করার যাবতীয় দায়িত্ব চাপানো হয়েছে ডিলারদের কাঁধে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ডিলারদের প্রশ্ন, “কেউ যদি টোটো লুকিয়ে রাখেন, তবে আমরা কীভাবে তা ধরব? বাড়িতে গিয়ে কি আমরা তদন্তকারীর কাজ করব?” জানা গিয়েছে, কড়াকড়ির চোটে অনেক ডিলারের কাছে এখন মাত্র ৩-৪টি আবেদন জমা পড়েছে।
গ্যাস সংস্থা সূত্রে দাবি, আগে অনেক সচ্ছল পরিবার সুবিধা নিলেও পরে আর সিলিন্ডার ভরেননি। সেই অপচয় রুখতেই এই কড়াকড়ি। তবে টোটোর মতো জীবিকার মাধ্যমকে কেন এই তালিকায় রাখা হলো, তা নিয়ে দেশজুড়ে বিতর্ক দানা বাঁধছে।