নতুন বছরের আনন্দই কাল হলো! হায়দরাবাদে পার্টিতে ভূরিভোজের পর মৃত্যু ১ জনের, আশঙ্কাজনক ১১

নতুন বছরের প্রথম প্রহর যখন উৎসবে মেতেছিল গোটা দেশ, ঠিক তখনই হায়দরাবাদের জগদগিরিগুটা এলাকায় নেমে এল অন্ধকারের ছায়া। দেদার মদ্যপান আর ভূরিভোজের পর অসুস্থ হয়ে মৃত্যু হলো রমেন পান্ডু (৫৩) নামে এক প্রৌঢ়ের। শুধু তাই নয়, বর্তমানে যমে-মানুষে টানাটানি চলছে আরও ১১ জনের। পুলিশের প্রাথমিক অনুমান, উৎসবে পরিবেশিত বিষাক্ত খাবার বা ভেজাল মদের জেরেই এই মর্মান্তিক বিপত্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগদগিরিগুটার একটি কমিউনিটি হলে স্থানীয় বাসিন্দারা নববর্ষ উদযাপনের জন্য একত্রিত হয়েছিলেন। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, মাছের ঝোল এবং রুটি। খাবারের সঙ্গে চলে অবিরাম মদ্যপান। সারারাত হুল্লোড় শেষে বৃহস্পতিবার সকালে সবাই বাড়ি ফিরে যান। কিন্তু দুপুর গড়াতেই শুরু হয় আসল আতঙ্ক। আমন্ত্রিতদের অনেকেরই তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়। মুহূর্তের মধ্যে ৯ জন অজ্ঞান হয়ে পড়লে তাঁদের দ্রুত মল্লা রেড্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও দুইজনকে রাম দেব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রমেন পান্ডুর মৃত্যু হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রান্নার উপকরণে কোনো ত্রুটি থাকতে পারে। স্থানীয়দের দাবি, মশলা ফুরিয়ে যাওয়ায় তড়িঘড়ি পাশের দোকান থেকে কিছু লঙ্কা ও হলুদ গুঁড়ো কেনা হয়েছিল। বালানগরের এসিপি নরেশ রেড্ডি জানিয়েছেন, “খাদ্যে বিষক্রিয়া না কি ভেজাল মদের বিষক্রিয়া— তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছি আমরা।” ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। উৎসবের আমেজ এখন ওই এলাকায় শোকের মাতমে পরিণত হয়েছে।