সোনার দামে আগ্নেয়গিরি! ২০২৫-এর শেষে ১ গ্রাম সোনা ১৩ হাজার পার, মধ্যবিত্তের মাথায় আকাশ ভেঙে পড়ল!

নতুন বছর ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু বছর শেষে খুশির বদলে সাধারণ মানুষের পকেটে টান দিচ্ছে সোনার বাজার। ২০২৫ সালের শুরু থেকেই সোনার দাম যে ঊর্ধ্বমুখী দৌড় শুরু করেছিল, বছরের শেষলগ্নে এসে তা রীতিমতো ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে কলকাতায় সোনার দামে তৈরি হয়েছে এক নতুন এবং ভয়ংকর রেকর্ড।
বর্তমান বাজারদরের দিকে তাকালে দেখা যাচ্ছে, ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে ১৩,৩৩০ টাকায়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি গ্রামে দাম বেড়েছে ১৩৫ টাকা। অর্থাৎ, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা কিনতে হলে এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ১,৩৩,৩০০ টাকা। এক রাতের ব্যবধানে ১০ গ্রামে ১,৩৫০ টাকা বৃদ্ধি কার্যত নজিরবিহীন। ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১৩,৩৩,০০০ টাকা। বিয়ের মরশুমের মুখে সোনার এই অগ্নিমূল্য দেখে অনেক পরিবারই গয়না কেনার পরিকল্পনা বাতিল করতে বা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
শুধু সোনা নয়, পাল্লা দিয়ে রেকর্ড গড়ছে রুপোও। আজ রুপোর দাম যে হারে বেড়েছে, তাতে বিনিয়োগকারীরাও চমকে গিয়েছেন। ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ২৪,৬৪০ টাকা, যা একদিনেই ১,৭১০ টাকা বেড়েছে। এর ফলে ১ কেজি রুপোর দাম পৌঁছে গিয়েছে ২,৪৬,৪০০ টাকায়। রাতারাতি ১ কেজি রুপোতে ১৭,১০০ টাকা বৃদ্ধি বাজার বিশেষজ্ঞদেরও দুশ্চিন্তায় ফেলেছে। বছর শেষে সোনা ও রুপোর এই ‘ডাবল অ্যাটাক’ সাধারণ মানুষের সঞ্চয়ে বড়সড় থাবা বসাল।