ফোল্ডেবল আইফোন থেকে বাজেট ম্যাকবুক! ২০২৬-এ ধামাকা দিতে আসছে অ্যাপেলের এই ৬টি গ্যাজেট!

২০২৫ সাল ছিল অ্যাপেল প্রেমীদের জন্য এক স্মরণীয় বছর। লিকুইড গ্লাস, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো-র মতো চমকপ্রদ প্রডাক্ট লঞ্চ করে কুপারটিনোর এই সংস্থাটি টেক দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। তবে ২০২৬ সালে তারা আরও বড় কিছু করতে চলেছে বলে খবর। যদিও অ্যাপেল সরকারিভাবে মুখ খোলেনি, তবে বিভিন্ন সূত্র বলছে, আগামী বছর মোট ৬টি বৈপ্লবিক প্রডাক্ট বাজারে আসতে পারে।

ফোল্ডেবল আইফোন: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালেই সম্ভবত বিশ্বের প্রথম ফোল্ডেবল আইফোন লঞ্চ করতে পারে অ্যাপেল। শোনা যাচ্ছে, এতে ৫.৫ ইঞ্চির আউটার এবং ৭.৮ ইঞ্চির ইনার ডিসপ্লে থাকতে পারে।

বাজেট ম্যাকবুক: আকাশছোঁয়া দামের কারণে যারা ম্যাকবুক কেনা থেকে পিছিয়ে আসতেন, তাঁদের জন্য দারুণ খবর! অ্যাপেল এবার একটি সাশ্রয়ী বা ‘বাজেট ফ্রেন্ডলি’ ম্যাকবুক আনতে চলেছে। এতে ১৩ ইঞ্চি ডিসপ্লে এবং A18 Pro চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে।

স্মার্ট হোম হাব: আপনার সাধারণ বাড়িকে ‘স্মার্ট হোম’-এ পরিণত করতে অ্যাপেল আনছে হোম হাব। ৭ ইঞ্চির ডিসপ্লে সহ এই ডিভাইসটি HomeOS-এ চলবে এবং এতে থাকবে শক্তিশালী A18 চিপসেট।

রিডিজাইনড ম্যাকবুক প্রো: ২০২১ সালের পর এই প্রথম ম্যাকবুক প্রো-র নকশায় আমূল বদল আসতে চলেছে। নতুন এই ল্যাপটপটি অনেক বেশি পাতলা হবে এবং এতে প্রথমবারের মতো OLED ডিসপ্লে ও ৫জি সেলুলার সাপোর্ট দেওয়া হতে পারে।

এছাড়াও থাকছে ২৭ ইঞ্চির নতুন স্টুডিও ডিসপ্লে, যাতে A19 Pro চিপসেট এবং miniLED প্যানেল ব্যবহার করা হতে পারে। পাশপাশি, আইপ্যাড প্রেমীদের জন্য আসছে OLED আইপ্যাড মিনি। ২০২৪-এ প্রো মডেলে ওলেড আসার পর এবার ছোট স্ক্রিনের আইপ্যাড মিনিতেও এই প্রিমিয়াম অভিজ্ঞতা পাওয়া যাবে।