শূন্য থেকে শিখরে ফেরার লড়াই! শতবর্ষে পা দিয়ে কলকাতার রাজপথে জনজোয়ার নামাল সিপিআই!

রাজ্যে নির্বাচনী ফল বর্তমানে ‘শূন্য’, ভোট শতাংশও তলানিতে। কিন্তু সেই খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে এবার কলকাতার রাজপথে নজিরবিহীন শক্তিপ্রদর্শন করল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)। শুক্রবার দলের ১০০ বছর পূর্ণ করে ১০১ বছরে পদার্পণ উপলক্ষ্যে ধর্মতলার লেনিন মূর্তি থেকে রাজাবাজার পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। গত কয়েক বছরে বামফ্রন্টের মিছিলে মূলত সিপিআই(এম)-এর আধিপত্য দেখা গেলেও, এদিন একক শক্তিতে হাজার হাজার কর্মীর জমায়েত করে রাজনৈতিক মহলকে চমকে দিয়েছে সিপিআই।
এদিন মিছিলে ছিল উৎসবের মেজাজ। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার কর্মী সামিল হন এই মহা মিছিলে। শুধু স্লোগান নয়, ঢাক-ঢোল, ধামসা-মাদল এবং তাসা পার্টির তালে নেচে-গেয়ে রাজপথ রাঙিয়ে তোলেন বাম কর্মীরা। হাতে লাল ঝান্ডা, মাথায় কৃষকের টুপি আর কাস্তে-ধানের শীষ প্রতীক নিয়ে কর্মীদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। এআইএসএফ (AISF), এআইওয়াইএফ (AIYF), এআইটিইউসি (AITUC)-র মতো গণসংগঠনগুলোর বিশাল জমায়েত বুঝিয়ে দিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া আলিমুদ্দিনের শরিক দল।
রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় মিছিলে নেতৃত্ব দিয়ে বলেন, “আজ আমরা ১০০ পেরিয়ে ১০১ বছরে পা দিলাম। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজনীতি আর ধর্মকে যেভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমাদের লড়াই এখন গণতন্ত্র ও সংবিধান রক্ষার।” মিছিলে স্বপন বাবু ছাড়াও উপস্থিত ছিলেন গৌতম রায় ও রামকৃষ্ণ পান্ডা সহ দলের শীর্ষ নেতৃত্ব।
১৯২৫ সালের ২৬ ডিসেম্বর কানপুর কংগ্রেসে জন্ম নেওয়া এই দলটির শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়েছিল এক বছর আগেই। এদিন রাজাবাজারের সংক্ষিপ্ত সভায় বক্তারা রাজ্য ও কেন্দ্র সরকার—উভয়ের বিরুদ্ধেই তোপ দাগেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গের ওপর কতটা জটিল হতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একলা চলে এই বিশাল মিছিল আসলে আগামী ভোটের আগে কর্মীদের মনোবল ফেরানোর এক পরিকল্পিত কৌশল।