রিঙ্কু সিংয়ের ব্যাটে রাজকোটে টর্নেডো! মাত্র ৫৬ বলে শঞ্চ্যুরিতে চণ্ডীগড়কে উড়িয়ে দিল উত্তরপ্রদেশ

বিজয় হাজারে ট্রফিতে আবারও জ্বলে উঠলেন ‘ফিনিশার’ রিঙ্কু সিং। এবার উত্তরপ্রদেশের অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চণ্ডীগড়ের বোলারদের কার্যত শাসন করলেন তিনি। রাজকোটে অনুষ্ঠিত ম্যাচে রিঙ্কু সিংয়ের বিস্ফোরক শতরান এবং আর্যন জুয়ালের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে উত্তরপ্রদেশ নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রানের পাহাড় গড়ে। জবাবে ব্যাট করতে নেমে চণ্ডীগড় মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায়, যার ফলে ২২৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় উত্তরপ্রদেশ।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রিঙ্কু সিং। শুরুতে ওপেনার অভিষেক গোস্বামী দ্রুত আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়েছিল দল। তবে সেই চাপ সামাল দেন আর্যন জুয়াল এবং ধ্রুব জুরেল। জুরেল আক্রমণাত্মক মেজাজে ৬৭ রান করে আউট হলেও জুয়াল একদিক ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। পরে সামীর রিজভি ৩২ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক রিঙ্কু সিং।

রিঙ্কু মাঠে নামার পর থেকেই ম্যাচের রঙ বদলে যায়। মাত্র ৫৬ বলে খেললেন ১০৬ রানের এক অপরাজিত মহাকাব্যিক ইনিংস। তাঁর এই ইনিংসে ছিল ১১টি চোখধাঁধানো চার এবং ৪টি বিশাল ছক্কা। অন্যদিকে আর্যন জুয়াল ১৩৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলে দলকে মজবুত জায়গায় পৌঁছে দেন। শেষ ৬ ওভারে উত্তরপ্রদেশ ৬৩ রান তুলে চণ্ডীগড়ের সামনে পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা রাখে।

৩৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চণ্ডীগড়ের ব্যাটাররা তাসের ঘরের মতো ভেঙে পড়েন। উত্তরপ্রদেশের বোলারদের দাপটে তাঁরা নিয়মিত ব্যবধানে উইকেট হারান এবং মাত্র ১৪০ রানেই অলআউট হয়ে যান। রিঙ্কু সিংয়ের এই দুর্দান্ত ফর্ম ভারতীয় নির্বাচকদের কাছে আবারও এক কড়া বার্তা পৌঁছে দিল যে, ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা অমলিন।