এসআইআর আতঙ্কে ফাঁস নিউটাউনের জালিয়াত! বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ‘পিতৃপরিচয়’ চুরির অভিযোগ।

মোবাইল বা গয়না চুরির কথা হামেশাই শোনা যায়, কিন্তু আস্ত একজন ‘বাবা’ চুরি হয়ে যাওয়ার ঘটনা কি কখনও শুনেছেন? অবাক করা হলেও এমনই এক অদ্ভুত ও গুরুতর জালিয়াতির অভিযোগ উঠল কলকাতার উপকণ্ঠ নিউটাউনে। ভোটার তালিকার বিশেষ পরীক্ষা বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হতেই প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক মৃত ব্যক্তির নাম ব্যবহার করে নিজেকে তাঁর সন্তান দাবি করে ভোটার তালিকায় নাম তুলেছেন এক প্রতিবেশী যুবক, যাঁকে আদতে ‘বাংলাদেশি’ বলে দাবি করছে পরিবার।

ঘটনাটি রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের বালিরবাগান এলাকার। স্থানীয় বাসিন্দা ফেলারাম বিশ্বাসের মৃত্যু হয়েছে ২০২১ সালে। তাঁর বড় ছেলে উত্তম বিশ্বাসের জানতেন, তাঁরা চার ভাই-বোন— উত্তম, রামকৃষ্ণ, উজিতা এবং রেবা। কিন্তু সম্প্রতি ভোটার তালিকার খসড়া বেরোতেই উত্তমের মাথায় আকাশ ভেঙে পড়ে। তালিকায় দেখা যায়, ফেলারাম বিশ্বাসের আরও এক ছেলে রয়েছে, যার নাম সূরজ বিশ্বাস!

উত্তম বিশ্বাসের দাবি, সূরজ তাঁদের প্রতিবেশী। দীর্ঘকাল প্রতিবেশী হিসেবে মেলামেশা করায় ফেলারামকে তিনি ‘বাবা’ বলে ডাকতেন। কিন্তু সেই সুযোগ নিয়ে সূরজ নিজের সচিত্র পরিচয়পত্রে বাবার নাম হিসেবে ফেলারাম বিশ্বাসের নাম ঢুকিয়ে দিয়েছেন। উত্তমের অভিযোগ, সূরজ আসলে একজন বাংলাদেশি এবং জালিয়াতি করে ভোটার তালিকায় নাম তুলেছেন।

অন্যদিকে, অভিযুক্ত সূরজ বিশ্বাস এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, তিনি ফেলারামেরই সন্তান এবং পারিবারিক অশান্তির জেরেই তাঁর দাদা উত্তম এই মিথ্যা অভিযোগ করছেন। মজার বিষয় হলো, সূরজ ওই এলাকার ১১৯ নম্বর পার্টের বিজেপির বুথ সভাপতি হিসেবে পরিচিত। এই ঘটনায় নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তম বিশ্বাস। ভোটার তালিকার এই জটিলতা এবং ‘পিতৃপরিচয়’ চুরি নিয়ে এখন তোলপাড় গোটা রাজারহাট।