অন্ধকার জগতের নক্ষত্রপতন! সাহারানপুরে এনকাউন্টারে খতম ১ লক্ষী গ্যাংস্টার সিরাজ, জানাজায় হাজারো মানুষের ভিড়

উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) গত ২১ ডিসেম্বর সকালে সাহারানপুরের গাঙ্গোহ এলাকায় এক রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ করল কুখ্যাত গ্যাংস্টার সিরাজ আহমদকে। সুলতানপুরের বাসিন্দা সিরাজের মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। ২০২৩ সালে আইনজীবী আজাদ আহমদ খুনের মূল অভিযুক্ত সিরাজের বিরুদ্ধে হত্যা, লুট এবং গ্যাংস্টার অ্যাক্টের অধীনে ৩০টিরও বেশি মামলা ছিল। পুলিশের দাবি, সে কুখ্যাত ডন মুক্তার আনসারির গ্যাংয়ের সদস্য ছিল।
তবে চাঞ্চল্য ছড়িয়েছে সিরাজের মৃতদেহ সুলতানপুরের লোলেপুর গ্রামে পৌঁছানোর পর। সোমবার সন্ধ্যায় তার জানাজায় প্রায় ৪ হাজার মানুষের ভিড় উপচে পড়ে। রাস্তার দু’পাশে লোকে লোকারণ্য হয়ে যায়। যোগী সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অধীনে এনকাউন্টার চললেও, একজন দাগি অপরাধীর শেষযাত্রায় এই বিপুল ভিড় পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এটি কেবল ভয় না কি অপরাধীর প্রতি কোনো অংশের সহানুভূতি, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।