অগ্নিগর্ভ কার্বি পাহাড়! দাঙ্গা থামাতে এবার নামল সেনাবাহিনী, থমথমে পশ্চিম কার্বি আংলং

পশ্চিম কার্বি আংলং জেলায় গত দু’দিন ধরে চলা নজিরবিহীন হিংসা থামাতে রাজ্য পুলিশ ও আধাসেনার পাশাপাশি এবার সেনার সাহায্য নিল অসম সরকার। একাধিক সংবেদনশীল এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দ্রুত সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অসম পুলিশের মহাপরিচালক (DGP) হরমিৎ সিং জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসন কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং রাতভর টহলদারি বাড়িয়েছে সেনাবাহিনী। শান্তি বিঘ্নিত করতে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ রাস্তায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং জমায়েতের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। সেনাবাহিনী আসার পর এলাকা কিছুটা শান্ত হলেও দোকানপাট ও ব্যবসা-বাণিজ্যে এই অশান্তির প্রভাব দীর্ঘমেয়াদী হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।